কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছয়টি অনুষদের মোট ৩৮২ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর মাঝে ২০২৫–২৬ অর্থবছরের মেধাবৃত্তি ও মেধাবী স্টাইপেন্ডের চেক বিতরণ করা হয়েছে। পৃথক আয়োজনে কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও প্রকৌশল এবং ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের শিক্ষার্থীদের হাতে এসব বৃত্তির চেক তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ১২৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও স্টাইপেন্ড প্রদান করা হয়।
১৫ জুলাই অনুষ্ঠিত কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অনুষ্ঠানে ১৪০ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি ও স্টাইপেন্ড বিতরণ করা হয়। এর মধ্যে ৭২ জন শিক্ষার্থী মেধাবৃত্তি এবং ৬৮ জন শিক্ষার্থী মেধাবী স্টাইপেন্ড পান। একই দিন সকালে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আয়োজনে ১১৭ জন শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি ও স্টাইপেন্ডের চেক তুলে দেওয়া হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম।
উল্লেখ্য, গত ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে মেধাবী, অসচ্ছল মেধাবী ও স্পোর্টস ক্যাটাগরিতে মোট ৪০২ জন শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তির চেক বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীকালে অনুষদভিত্তিক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে চেক বিতরণ করা হচ্ছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

