নবীনগরে বাড়ছে হত্যা-অপরাধ, আট মাসে ১৩ হত্যা ও ২৪ অপমৃত্যু

নবীনগরে বাড়ছে হত্যা-অপরাধ, আট মাসে ১৩ হত্যা ও ২৪ অপমৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সামাজিক অবক্ষয়ের চিত্র ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আট মাসে নবীনগর থানায় ১৩টি হত্যা মামলা এবং ২৪টি অপমৃত্যুর মামলা হয়েছে। অপরদিকে, ফেব্রুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নবীনগর থানায় ২৪ টি অপমৃত্যুর মামলা রেকর্ড হয়েছে। এরমধ্যে গলায় ফাঁস লাগিয়ে ৫ জন পুরুষ, ৫ জন মহিলা, কীটনাশক পান করে ৩ জন পুরুষ,৪ জন মহিলা আত্মহত্যা করেছে। বাকিরা কেউ পানিতে ডুবে, কেউ বজ্রপাতে মারা গেছে।

বিজ্ঞাপন

শুধু হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনাই নয়, উদ্বেগজনকভাবে উপজেলাজুড়ে বেড়েছে চুরি, ছিনতাই, ছোট বড় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা, বেড়েছে কিশোরগ্যাংয়ের উৎপাত ও মাদকের ছড়াছড়িসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। এসব ঘটনায়, সাধারণ মানুষ,স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পরও অপরাধীরা একেবারে নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে।

সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড

সর্বশেষ গত ৮ জুন বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত রুবেল মিয়া ২৫ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২২ সেপ্টেম্বর, পূর্বশত্রুতার জের ধরে নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের আব্দুর রহমান মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন (৪০) খাগাতুয়া ভোরের বাজারে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের পরিবার থেকে থানায় হত্যা মামলা করা হয়েছে, মামলা নং ৩৩, তারিখ ২৬ সেপ্টেম্বর।

(২১সেপ্টেম্বর) উপজেলার বিদ্যাকুট গ্রামের মিজানুর রহমানের সাত বছরের মেয়ে মিম আক্তার নিখোঁজ থাকার দুই দিন পর তাদের বাড়ির পাশের পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে শিশু মিম এর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। মামলা নং ৩০, তারিখ ২৩ সেপ্টেম্বর। মিম হত্যার রহস্য উন্মোচন করতে পুলিশের বিভিন্ন টিম তদন্ত চালিয়ে যাচ্ছেন।

(১৬ আগস্ট) উপজেলার সাতমোড়া গ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গরু চুরির অভিযোগে কাজল মিয়া (৪৬) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত কাজল মিয়া কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার হাসনাবাদ পশ্চিমপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে। এই ঘটনায় অজ্ঞাত মামলা দায়ের হয়েছে, মামলা নং ৩১ তারিখ ১৭ আগস্ট। এই মামলায় এখনো কেউ গ্রেফতার হয়নি। নিহত কাজল মিয়ার বিরুদ্ধে নবীনগর থানাসহ বিভিন্ন থানায় চারটি গরু চুরির মামলা রয়েছে।

(১২ আগস্ট) উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের স্ত্রী'র লাথির আঘাতে মামুন মিয়া (৪৫) নামের এক পল্লী চিকিৎসক মারা গেছে। মামলা নং ২৪, তারিখ ১৩ আগষ্ট। মামলার একজন আসামি, তিনি জেল হাজতে রয়েছে, ডাক্তারের রিপোর্ট না পাওয়ার কারণে পুলিশ রিপোর্ট আটকে রয়েছে।

(১৬ জুন) নবীনগর উপজেলার থোল্লাকান্দি গ্রামের মোস্তাক আহমেদের ছেলে রিফাত (২৮)আহমেদ নিখোঁজ হওয়ার দুই দিন নরসিংদী জেলার করিমপুর এলাকার রাসুলপুর জিরো পয়েন্ট শুটকিকান্দি বালু চর থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মামলা নং ৩৪, তারিখ ১৮ জুন। এই মামলায় দুইজন জেল হাজতে রয়েছে।

( ১০ জুন) বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে আহত আবুল খায়ের মিয়ার ছেলে ইকবাল মিয়া (৬০) ৮ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। মামলা নং ২০ তারিখ ১২ জুন।

(১১ মে ২০২৬) বাসা থেকে বের হওয়ার দুই দিন পর বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের ফোরকান মিয়ার ছেলে রিমন মিয়া (২৫) এর গুলিবিদ্ধ লাশ বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি-উলুকান্দি এলাকার কলেজ রোডের পাশ থেকে পুলিশ উদ্ধার করেছে। এই ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মামলা হয়েছে।

(২৬ এপ্রিল) নবীনগর সদর বাজারে মনোবাবুর ঘাট এলাকায় নৌকায় বসার স্থান নিয়ে দুই যাত্রীর মাঝে হাতাহাতির ঘটনায় ঘুষির আঘাতে বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে হানিফ মিয়া গুরুতর আহত হন। পরে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এই বিষয়টি মোটা অংকের অর্থের বিনিময়ে আপোষ মিমাংসা হয়ে গেছে।

(৪ এপ্রিল)পারিবারিক বিরোধের জের ধরে বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামের কর্মকার পাড়ার সিদ্দিক মিয়ার ছেলে রহমত উল্লাহকে কৌশলে তার চাচাতো মামা হাসান মিয়া কোমল পানীয়ের সঙ্গে কীটনাশক মিশিয়ে পান করিয়ে হত্যা করে। মামলা নং ১৫, তারিখ ১৬ এপ্রিল। এই মামলার প্রধান আসামি হাসান মিয়া জেল হাজতে রয়েছে, ডাক্তারের রিপোর্ট না পাওয়ার কারণে পুলিশ রিপোর্ট আটকে রয়েছে।

( ১ এপ্রিল) বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের খলিল মিয়ার ছেলে সেলুনকর্মী আতিকুর রহমান বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর মহেশপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মামলা নং ৫ তারিখ ২ এপ্রিল।

আগস্ট ১২, ২০২৬ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) মামলার মূল রহস্য উদঘাটন করে তিনজনকে গ্রেপ্তার করেছে। মামলাটি বিচারাধীন রয়েছে।

( ১৮ ফেব্রুয়ারি) জমি সংক্রান্ত বিরোধের জেরে সাতঘরহাটি গ্রামে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই ইসমাঈল মিয়া নিহত হন। মামলা নং ১৯ তারিখ ১৯ ফেব্রুয়ারি। দুইজন জেল হাজতে রয়েছে মামলার তদন্ত চলছে।

(২ফেব্রুয়ারি ) বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের তালতলা এলাকায় পূর্ব বিরোধের জেরে ধরে থোল্লাকান্দি গ্রামের মতিন মিয়ার ছেলে নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র মুস্তাকিম মুরাদ(১৭) প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছে। মামলা নং ৭, তারিখ ৪ ফেব্রুয়ারী। মামলার চার্জশিট আদালতে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্টে ধীরগতি

এদিকে চিকিৎসকের ময়নাতদন্তের প্রতিবেদন সময়মতো না পাওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয় ও পুলিশ সূত্রের দাবি, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়ায় নবীনগর থানার প্রায় ৫০টি মামলার তদন্ত কার্যক্রমে ধীরগতি তৈরি হয়েছে। এতে পুলিশের তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো বিলম্বিত হচ্ছে এবং বিচারপ্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী পুলিশের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুলিশ নিজেদের অবস্থান থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। কোনো ঘটনা ঘটার আগে বা পরে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হচ্ছে। পুলিশের নিয়মিত অভিযানও চলছে। তারপরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, পুলিশ অপরাধীদের আইনের আওতায় এনে কারাগারে পাঠাচ্ছে। তবে মাদক মামলার অনেক আসামি জামিনে বেরিয়ে আবার মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ছেন।

আত্মহত্যার ঘটনা প্রসঙ্গে ওসি বলেন, সামাজিক অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে। আত্মহত্যা প্রতিরোধে পরিবার ও সমাজের মানুষের সচেতনতা বাড়ানো জরুরি।

ময়নাতদন্তের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, হত্যা ও অপমৃত্যুর মামলায় চিকিৎসকের প্রতিবেদন সময়মতো না পাওয়ায় অনেক সময় তদন্ত প্রতিবেদন আদালতে পাঠাতে দেরি হয়। এর সুযোগে আসামিরা জামিনে মুক্ত হয়ে যায়।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা পুলিশের একার পক্ষে কঠিন উল্লেখ করে ওসি স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন বলে মন্তব্য করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...