কক্সবাজারের রামুতে ব্যাটারিচালিত অটোরিকশার পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘির রাস্তার মাথা সড়কে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রামুর খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘি আদর্শগ্রামের তৈয়ব উল্লাহ (৩০), বান্দরবানের আলীকদম সদর ইউনিয়নের দক্ষিণ পূর্ব পালংপাড়ার শাহিনা আক্তার এবং রামুর খুনিয়াপালং ইউনিয়নের মৌলভীবাজার আশ্রয়ণ প্রকল্প এলাকার উম্মে হাবিবা (১৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ব্যাটারিচালিত নম্বরবিহীন অটোরিকশাটির পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল ২০ হাজার পিস ইয়াবা। এ সময় ‘নুরজাহান মোটরস’ নামের অটোরিকশাটি জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রামু থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

