বন্দর রক্ষা পরিষদের অবস্থান কর্মসূচি

বেসরকারিকরণ প্রক্রিয়া বন্ধ না হলে চট্টগ্রাম বন্দর অচল করার হুঁশিয়ারি

বেসরকারিকরণ প্রক্রিয়া বন্ধ না হলে চট্টগ্রাম বন্দর অচল করার হুঁশিয়ারি

১৫ দিনের মধ্যে প্রাইভেটাইজেশনের প্রক্রিয়া বন্ধ না করলে চট্টগ্রাম বন্দর অচল করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক কর্মচারীরা। আজ সকালে বন্দর ভবনের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি জানান শ্রমিক নেতারা।

বিজ্ঞাপন

রোববার সকাল থেকে বন্দর রক্ষা পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বন্দর ভবনের প্রধান ফটক আটকে দেয়া হয়।

আয়োজকরা জানান, আজকে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মসূচি পালন করা হবে। এতে কর্তৃপক্ষের টনক না নড়লে ঈদের পর পুরো বন্দর অচল করে দেয়া হবে।

কর্মসূচি নিয়ে গণমাধ্যমে কথা বলেন চট্টগ্রাম বন্দর সিবিএ নেতা হুমায়ুন কবির। তিনি জানান, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এখনো বন্দরের চুক্তি হয়নি। বন্দর ইজারা দেয়ার চূড়ান্ত সিদ্ধান্তও হয়নি। অথচ ডিপি ওয়ার্ল্ডের নামে ভারতীয় কর্মকর্তারা কয়েক দিন পর পর বন্দর পরিদর্শন করছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করে বন্দরে কোনো বিদেশি প্রতিষ্ঠানকে আসতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ১৫ দিনের মধ্যে প্রাইভেটাইজেশন প্রক্রিয়া বন্ধ না করলে পুরো বন্দর অচল করে দেয়া হবে। বন্দরের বর্তমান অপারেটর সাইফ পাওয়ারটেকও বন্দর জিম্মি করে রেখেছে। শ্রমিক কর্মচারীরা এর অবসান চায়। সবার দাবি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হোক চট্টগ্রাম বন্দর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন