পটিয়ায় অজ্ঞাত লাশের পরিচয় মিলল

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

পটিয়ায় অজ্ঞাত লাশের পরিচয় মিলল

পটিয়ায় উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। উদ্ধার হওয়া নারীর নাম হাসিনা আক্তার (৩১)। হাসিনা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রতনপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকার বাসিন্দা মফিজুর রহমানের মেয়ে। পরিচয় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মোহাম্মদ ফরহাদ।

১৪ এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম ৩ নম্বর ওয়ার্ডের শিকলবাহা খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মঙ্গলবার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এরপর লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজ নেয়। পুলিশের ধারণা, প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ডের শিকার। আশপাশের কোনো এলাকা থেকে লাশটি ভেসে এসে শিকলবাহা খালের কৈয়গ্রাম এলাকায় পৌঁছায়।

নিহতের চাচাতো ভাই মোহাম্মদ রফিক জানান, গত ৬ এপ্রিল চট্টগ্রাম শহরে চিকিৎসা নিতে গিয়ে তার বোন নিখোঁজ হন। এরপর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। গত মঙ্গলবার পটিয়ার একটি খালে লাশ দেখতে পেয়ে তারা তাকে শনাক্ত করেন।

হাসিনা দুই সন্তানের জননী। তার দুই ছেলে চকরিয়ার একটি মাদ্রাসায় পড়াশোনা করে। নিহতের স্বামী মোহাম্মদ হাসান ওমানপ্রবাসী।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ প্রায় এক ঘণ্টার চেষ্টায় লাশটি উদ্ধার করে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...