নোবিপ্রবিতে খাদ্য নিরাপত্তায় গবেষণা ও উদ্ভাবন শীর্ষক সেমিনার

নোবিপ্রবিতে খাদ্য নিরাপত্তায় গবেষণা ও উদ্ভাবন শীর্ষক সেমিনার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মেঘনা অববাহিকায় ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে জলবায়ুসহিষ্ণু কৃষি, গবেষণা ও উদ্ভাবন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য নিরাপত্তা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। ঝড়, বন্যা, খরা, নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে আমাদের কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং উপকূলীয় অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি। প্রতিকূল পরিবেশ মোকাবিলা এবং ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার কথা বিবেচনায় এনে আমাদের এখনই জলবায়ুসহিষ্ণু ফসল নির্বাচন করতে হবে।

নোবিপ্রবি পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এবং ‘জলবায়ুসহিষ্ণু ফসল নির্বাচন’ শীর্ষক প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান সেমিনারে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।

সেমিনারে মুখ্য আলোচক ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের জলাবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশনের পরিচালক মির্জা শওকত আলী, নোবিপ্রবি এগ্রিকালচার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মো. মহসিন এবং নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি।

সেমিনারে প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও সাংবাদিকেরা অংশ নেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন