২০২৪ সালের গণঅভ্যুত্থানকালে ছাত্র-জনতার ওপর সংঘটিত গণহত্যা এবং ফ্যাসিবাদী দমন-পীড়নের পক্ষে অবস্থানকারী চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)।
মঙ্গলবার (২৮ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির কাছে স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিল্প ও সংস্কৃতি ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনা বিকাশের অন্যতম শক্তিশালী মাধ্যম। যেসব শিল্পী, নির্মাতা, প্রযোজক ও সংশ্লিষ্ট ব্যক্তি মানবাধিকার লঙ্ঘন, সহিংসতা বা গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায় নিরূপণ করা প্রয়োজন।
অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়।
এছাড়া অভিযোগ প্রমাণিত হলে শিল্পী সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এ তাদের সাংগঠনিকভাবে নিষিদ্ধ করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানকালে গণহত্যার পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন এবং অভিযোগ প্রমাণিত হলে শিল্পী সমিতি ও বিএফডিসিতে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ; ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন, সহিংসতা ও গণতান্ত্রিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডে শিল্পীদের সম্পৃক্ততা রোধে স্থায়ী নীতিমালা প্রণয়ন; এবং মানবাধিকার, পেশাগত নৈতিকতা এবং সাংস্কৃতিক দায়বদ্ধতা রক্ষায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সুস্পষ্ট ও কার্যকর অবস্থান নিশ্চিত করার দাবি জানান তারা।
সংগঠনটির মতে, যেকোনো অভিযোগের ক্ষেত্রে ন্যায়সঙ্গত, নিরপেক্ষ ও আইনসম্মত তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং দায় নিরূপণ হওয়াই গণতান্ত্রিক ও আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পথ।
স্মারকলিপিটি প্রদান করেন রাষ্ট্র সংলাপ ফোরাম এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

