রেলের ইঞ্জিন সংকট নিরসনে ৮ দফা দাবি বিআরপিএসের

রেলের ইঞ্জিন সংকট নিরসনে ৮ দফা দাবি বিআরপিএসের

রেলওয়েতে চলমান ইঞ্জিন সংকট ও এডিবি অর্থায়নে ৩০টি নতুন লোকোমোটিভ কেনার প্রক্রিয়া ঘিরে তৈরি হওয়া বিতর্কে উদ্বেগের পাশাপাশি আট দফা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি (বিআরপিএস)।

বিজ্ঞাপন

সংগঠনটির দাবি, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একটি স্বার্থান্বেষী চক্র সক্রিয়ভাবে অস্থিরতা তৈরি করছে, যার প্রভাব পড়ছে যাত্রীসেবা, পণ্য পরিবহন ও জাতীয় অর্থনীতিতে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি ও অভিযোগ তুলা হয়।

এ সময় সংগঠনের সভাপতি মো. মনিরুজ্জামান মনির লিখিত বক্তব্যে বলেন, এডিবির অর্থায়নে ৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ সময়োপযোগী। এ প্রকল্পকে ঘিরে ইচ্ছাকৃতভাবে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। এ ছাড়া ৭০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহ প্রকল্প বাতিলের বিষয়টিকে রেলওয়ের বর্তমান সংকটের অন্যতম কারণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে পূর্বাঞ্চলের ইঞ্জিন সংকট অনেকটাই দূর হতো।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশ রেলওয়ে বিশেষ করে পূর্বাঞ্চলে মিটারগেজ লোকোমোটিভের তীব্র সংকটে রয়েছে। প্রতিদিন রেলওয়ের মোট ২৬৮টি লোকোমোটিভের প্রয়োজন হলেও সচল অবস্থায় পাওয়া যাচ্ছে গড়ে মাত্র ১৮০টি। এর ফলে প্রতিদিন পূর্বাঞ্চলে ৩২টি এবং পশ্চিমাঞ্চলে ৩৬টিসহ মোট ৬৮টি ট্রেন বাতিল করতে হচ্ছে।

এছাড়া ইঞ্জিন সংকটের কারণে রেলওয়ে বছরে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকার সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। প্রয়োজনীয় সংখ্যক লোকোমোটিভ থাকলে প্রতিটি ইঞ্জিন থেকে বছরে উল্লেখযোগ্য অতিরিক্ত আয় করা সম্ভব হতো।

দাবিগুলোর মধ্যে রয়েছে: এডিবির অর্থায়নে ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয় দ্রুত সম্পন্ন করা; ৭০টি লোকোমোটিভ প্রকল্প বাতিলের কারণ তদন্ত; চলমান ক্রয়প্রক্রিয়া নিয়ে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত; রেলওয়ের নিয়োগ বিধিমালা-২০২০ দ্রুত সংশোধন; উন্নয়ন প্রকল্পে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অযাচিত প্রভাব থাকলে তা তদন্ত; কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আইনানুগভাবে নিষ্পত্তি; রেলওয়ের সর্বোচ্চ পদ ঘিরে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা বন্ধ এবং রেলকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের কারিগরি পরিষদের সাধারণ সম্পাদক কে এম বারী, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সহ-সভাপতি আনোয়ারুল হক, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক রশিদ, রেলের প্রশ্ন সোসাইটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন