নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে হাজিরা দিয়েছেন তিনি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন আইভী।
এদিকে, মামলার চার্জশিট না হওয়া পর্যন্ত এ মামলায় আইভীর আইনজীবীদের তার পক্ষে হাজিরা দেওয়ার আবেদন মঞ্জুর করে আদালত। আইভীর উপস্থিতিতে তার শারীরিক অবস্থা বিবেচনা করে আদালত এ আবেদন মঞ্জুর করে।
এর আগে ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। আইভীকে গ্রেপ্তার করতে আসা পুলিশের সঙ্গে রাতভর এলাকাবাসীর বাগ্বিতণ্ডা চলে। পরে ভোরে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার সমর্থকরা পুলিশকে বাধা দেয় ও গাড়িবহরে হামলা চালায়। ওই ঘটনায় পরে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আইভীকেও আসামি করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

