চট্টগ্রামে সড়ক অবরোধ করে গণঅধিকারের বিক্ষোভ

চট্টগ্রামে সড়ক অবরোধ করে গণঅধিকারের বিক্ষোভ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গণঅধিকারের নেতাকর্মীরা। নেতাকর্মীরা নগরের দুই নম্বর গেইট এলাকায় সড়ক অবরোধ করে। এতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দুই নম্বর গেইটে মূল সড়কে অবস্থান করছেন। এতে উভয় লেনে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। নেতাকর্মীরা ট্রাফিক পুলিশের ব্যবহৃত লোহার বক্স নিয়ন্ত্রণে নিয়ে সড়কে বসিয়ে দেয়। এছাড়াও তারা সড়কে টায়ার জ্বালিয়ে নানা স্লোগানে বিক্ষোভ করতে থাকে।

এতে মোটরসাইকেল, রিকশা ছাড়া কোনো যানবাহন পার হতে পারছে না। স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ চাকরিজীবী ও ব্যবসায়ীরা সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। দুই নম্বর গেইট থেকে জিইসি হয়ে লালখান পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে। অপরদিকে বহদ্দারহাট হয়ে দুই নম্বর সড়কে শতশত যানবাহন আটকা পড়েছে। যানবাহনের চালকদের সাথে নেতাকর্মীদের বাকবিতণ্ডা হচ্ছে। দুই নম্বর গেইটের মোড়ে মাইক নিয়ে জিওসি নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন গণ অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

গণপরিবহনের যাত্রীরা বলেন, প্রতিদিন কোনো না কোনো ইস্যুতে আমাদের দেশের আন্দোলন হচ্ছে। প্রায় সময় কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। সড়কেই আমাদের মূল্যবান সময় চলে যাচ্ছে। এভাবে আর কতো।

মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ স্পাদক মোহাম্মদ ইউসুফ জানান, আমরা দুই নম্বর গেইটে ব্লকেড কর্মসূচি পালন করছি। আমাদের সাথে জামায়াত, বিএনপি, এসসিপি, আপ বাংলাদেশ, যুবশক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন দল ও সংগঠন একাত্মতা পোষণ করেছে। আমাদের দাবি হলো— সরকার স্পষ্ট করে বলতে হবে তারা কি করতে চায়। তারা কি করছে। আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ চাই। নুরের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

এর আগে গতকাল রাতে নুরুল হক নুরের ওপর হামলা প্রতিবাদে একইস্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে দলটির নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন