দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট

দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর ব্রিজের ফাটল মেরামতের কাজের কারণে ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার রাত পর্যন্ত কুমিল্লার দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে ৮-১০ ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁর আষাঢ়িয়ারচর ব্রিজটিতে দীর্ঘদিন ধরে ফাটল দেখা দিয়েছিল। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ শুক্রবার সকাল থেকে ব্রিজটির মেরামতের কাজ শুরু করে। ছুটির দিন থাকায় মহাসড়কে সারাদিন কোনো যানজট না থাকলেও সন্ধ্যার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের দক্ষিণ পাশের মুন্সিগঞ্জের গজারিয়ার তেতুলিয়া বাসস্ট্যান্ড থেকে থেমে থেমে গাড়ি ছাড়ার কারণে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে ঢাকাগামী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

ফেনী থেকে ঢাকায় কর্মস্থলে আসছিলেন নূর মোহাম্মদ নামের এক যাত্রী জানান, প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে গজারিয়া এলাকায় এসে আটকে আছি। গরমে অনেক অস্বস্তিতে আছি। কখন ঢাকা গিয়ে পৌঁছাবো জানি না।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে এই যানজট সৃষ্টি হয়েছে। রাত প্রায় ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট অব্যাহত ছিল।

সড়ক বিভাগ সূত্রে জানা যায়, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছিল। দিন দিন গর্তটি বড় হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার সকাল ১১টার দিকে সেখানে সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। সংস্কারকাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি লেন বন্ধ রেখে অন্য লেন দিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হয়। ফলে ধীরে ধীরে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রাতে অতিরিক্ত যানবাহনের চাপ এক লেন দিয়ে পার হতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর প্রভাব দাউদকান্দি ও মেঘনা টোলপ্লাজা এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ স্থানীয় সাংবাদিকদের জানান, ব্রিজ মেরামতের কারণে গজারিয়া অংশে যানজটের সৃষ্টি হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন