বান্দরবানের লামা উপজেলায় নাসরিন সোলতানা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের অংসারঝিরি এলাকার একটি বাগান থেকে গত বুধবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, নাসরিনকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটক দুজন হলেন—অংসারঝিরি পাড়ার আবু তালেবের ছেলে মো. বেলাল (২০) এবং ডানহাতির ছড়া পাড়ার মঞ্জুর আলমের ছেলে মো. বেলাল (১৯)। নাসরিন সোলতানা অংসারঝিরি পাড়ার বাসিন্দা আব্দুল গফুরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মৃত আবু তালেকের ছেলে মো. বেলাল হোসেনের (১৯) সঙ্গে নাসরিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁদের বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও চলছিল।
একপর্যায়ে বিয়ের কাবিন ও অন্যান্য খরচ বাবদ নাসরিনের পরিবারের পক্ষ থেকে ৩০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়। তবে বেলাল হোসেনের পরিবার ৬০ হাজার টাকা দাবি করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়। এর মধ্যে গত বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা গিয়াসা উদ্দিনের বাগানে একটি ম্যালেরিয়া গাছে নাসরিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর পেয়ে লাশ উদ্ধার করে।
নাসরিনের ভাই আলী আহম্মদ অভিযোগ করেন, তাঁর বোনের মৃত্যু স্বাভাবিক নয়। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ জামিল আহমদ বলেন, প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার নাসরিনের লাশ বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

