কক্সবাজারে পাঁচ জুলাই শহীদের কবর জিয়ারতে সাংবাদিক নেতারা

কক্সবাজারে পাঁচ জুলাই শহীদের কবর জিয়ারতে সাংবাদিক নেতারা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কক্সবাজারে পাঁচ জুলাই শহীদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাংবাদিক নেতারা। রোববার দিনব্যাপী কর্মসূচিতে জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামসহ জেলার পাঁচ শহীদের কবর জিয়ারত করা হয়। অন্য চার শহীদ হলেন মহেশখালীর তানভীর সিদ্দিকী, চকরিয়ার আহসান হাবিব এবং ঈদগাঁওয়ের নুরুল আমিন ও নুরুল মোস্তফা।

বিজ্ঞাপন

কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নেতারা সকালে মহেশখালী উপজেলার কালারমারছড়ায় শহীদ তানভীর সিদ্দিকীর বাবা বাদশা মিয়াসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তার কবর জিয়ারত করেন।

দুপুরে পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকায় চট্টগ্রামের প্রথম শহীদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাতে অংশ নেন সাংবাদিক নেতারা। এ সময় স্থানীয় সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছরারকুল বায়তুর রহমান জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে শহীদ আহসান হাবিবের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় শহীদের বাবা মোহাম্মদ হেলাল উদ্দিন ও ছোট ভাই রায়হান হাবিব খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিকেলে ঈদগাঁওয়ে গিয়ে শহীদ নুরুল আমিন ও নুরুল মোস্তফার কবর জিয়ারত শেষে তাদের পরিবারের সদস্যদের হাতে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সহসভাপতি কামাল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিবেদক শামসুল হক শারেক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, ক্রীড়া সম্পাদক এম আর মাহবুব, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক আনছার হোসেন, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম, নির্বাহী সদস্য মোয়াজ্জেম হোসেন শাকিল, ইমাম খাইর, ইব্রাহিম খলিল মামুন, বিজয় টিভির প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, সদস্য নুরুল আমিন হেলালী এবং যমুনা টিভির প্রতিনিধি এহসান আল কুতুবীসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঘোষিত সাত দিনের কর্মসূচির চতুর্থ দিনে আজ সোমবার জুলাই গ্রাফিতি অঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ৪ আগস্ট খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ৫ আগস্ট সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন