জাবেদের গুলশানের বাসা থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার

জাবেদের গুলশানের বাসা থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার
বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের বাসা থেকে আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১৩ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান চৌধুরী বাবুর ব্যক্তিগত সহকারী ছিলেন। তিনি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক।

মুরাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপহরণ, মুক্তিপণ আদায় এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রামের আনোয়ারা থানায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে অন্যতম আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, সাবেক মন্ত্রীর নির্দেশনায় আসামিরা এক ব্যক্তিকে তুলে নিয়ে যান। পরে তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন এবং ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়।

এ ছাড়া ২০২৫ সালের অক্টোবর মাসে আনোয়ারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ১৩৮ জনের মামলায় বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে আসামি করা হয়।

ওই মামলায় চট্টগ্রামের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানও আসামি ছিলেন।

আনোয়ারা থানার ওসি জোনায়েত চৌধুরী বলেন, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তারের কথা তিনি শুনেছেন। আনোয়ারা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন