লক্ষ্মীপুরে মাত্র ৮ বছরেই পবিত্র কুরআনে হাফেজ হয়েছে শিশু আব্দুর রহমান। এতে তার সময় লাগে এক বছরেরও কম সময়। এত অল্প বয়সে ৩০ পারা কুরআন মুখস্ত করে হাফেজ হওয়ায় খুশি পরিবার ও শিক্ষকরা। সকলেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।
আব্দুর রহমান কমলনগর উপজেলার করুনানগর এলাকার কৃষক আবুল কালামের ছেলে ও হাজিরহাট আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের হিফয বিভাগের ছাত্র।
আব্দুর রহমান জানায়, ‘আমার বাবার স্বপ্ন ছিল আমাকে হাফেজ বানাবেন। তাই আমাকে আল ইহদা ইসলামিক ইন্সটিটিউট মাদরাসার হিফ্জ বিভাগে ভর্তি করা হয়। আমি সবার স্বপ্ন পূরণে মনোযোগী ছিলাম। হাফেজ হতে শিক্ষকরাও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমি বড় হয়ে যেন বড় আলেম হতে পারি- সবাই সে দোয়া করবেন।’
জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি মাসে আল ইহদা ইসলামিক ইন্সটিটিউট মাদরাসার হিফ্জ বিভাগে ভর্তি হয় আবদুর রহমান। এর আগে আরেকটি মাদরাসার হিফয বিভাগে ৬ মাসের মতো পড়ে ১৫ পারা কুরআন মুখস্ত করে সে। পরে সেখান থেকে এ মাদরাসায় নিয়ে আসা হয়ে তাকে। এখানেই বাকি ১৫পারা মুখস্ত করে এক বছরের কম সময়ে সে কুরআনে হাফেজ হয়।
তারা বাবা আবুল কালাম বলেন, আমার দুই ছেলে। দুজনকেই হাফেজ বানানোর স্বপ্ন ছিল। কিন্তু বড় ছেলেকে পারিনি, সে জেনারেলে পড়ছে। আর ছোট ছেলে হাফেজ হয়েছে। এতে আমি অত্যন্ত খুশি। আশা করি সে একজন ভালো মানুষ হবে, একজন বড় আলেম হবে।
আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারহান সাকিব জায়েদ বলেন, আমাদের মাদরাসার ছাত্র আবদুর রহমান মাত্র ৮ বছর বয়সে তার হিফয সম্পূর্ণ করেছে। এটি আমাদের জন্য আনন্দের। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার পুরো জীবন কুরআন অনুযায়ী পরিচালনার তৌফিক দান করেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

