আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুতুবদিয়ায় মাঠে লবণের কেজি ৪ টাকা, লোকসানে চাষিরা

উপ‌জেলা প্রতি‌নি‌ধি, কুতুবদিয়া (কক্সবাজার)

কুতুবদিয়ায় মাঠে লবণের কেজি ৪ টাকা, লোকসানে চাষিরা

কক্সবাজারের কুতুবদিয়ায় লবণ উৎপাদনের ভরা মৌসুমে পণ্যের দরপতনে দিশেহারা চাষিরা। মাঠে চাষিরা লবণের দাম পাচ্ছেন মণপ্রতি ১৬০ টাকা। প্রতি কেজির দাম ৪ টাকা, যেখানে জমি লাগিয়ত মূল্য, শ্রমিক, পলিথিন— সব মিলিয়ে প্রতি মণ লবণ উৎপাদনে খরচ পড়ে ৩০০ টাকা। ফলে লোকসানে এখন চাষিরা।

চলতি লবণ মৌসুমে উপজেলার ৬ ইউনিয়নে ৬ হাজার একর জমিতে লবণ চাষ করছেন সাড়ে ৪ হাজার চাষি। গত ২০২৪-২৫ অর্থবছরে চাষিরা লবণের দাম না পাওয়ায় এবার ৫০০ একর জমি পতিত পড়ে আছে।

বিজ্ঞাপন

দক্ষিণ ধুরুং ইউনিয়নে লবণচাষি মো. কামাল জানান, গত মৌসুমে শ্রমিক খরচ পুরোটাই ঘাটতি ছিল। চার কানি জমিতে এক লাখ টাকা লোকসান গুনতে হয়েছে। তাই এবার জমির লাগিয়ত মূল্য কম হলেও অনেক চাষি জমি পতিত রাখতে বাধ্য হয়েছেন।

চলতি বছর লবণ উৎপাদনের ভরা মৌসুমে রেকর্ড পরিমাণ লবণ উঠছে। লবণের দাম কমে যাওয়ায় আসন্ন ঈদের কেনাকাটায় মারাত্মক প্রভাব ফেলছে বলে মনে করেন ব্যবসা‌য়ীরা।

আলী ফকির ডেইলের মাঠের চাষি ছোটন বলেন, ব্যবসায়ীরা প্রতি মণ লবণের দাম দিচ্ছে ১৬০-১৭০ টাকা। গত বছর তিন কানি জমিতে লবণ চাষ করে ন্যায্য দাম না পাওয়ায় দেড় লাখ টাকা লোকসান দিয়েছে বলেও জানান ছোটন। লবণ উৎপাদনে খরচ বেশি হলেও সরকারনির্ধারিত লবণের দাম তারা পাচ্ছেন না। লবণের ন্যায্য দাম নির্ধারণ করতে হবে।

উত্তর ধুরুং ইউনিয়নের লবণ ব্যবসায়ী মোহাম্মদ হোছাইন বলেন, নারায়ণগঞ্জ, খুলনার লবণ মিলগুলোতে যে দাম দেবে, তারা সেই দামের ওপর ভিত্তি করে মাঠ পর্যায়ে চাষিদের দাম দেওয়া হয়। মাঠে প্রতি মণ লবণ ১৬০ থেকে ১৭০ টাকা দাম পাচ্ছেন চাষিরা। তবে আরো কমে যেতে পারে বলে মনে করেন তিনি। মাঠ থেকে লবণ কিনে শ্রমিক, পরিবহণ খরচ, ঘাটসহ ৬০ টাকা নেওয়া হয়। কম-বেশি সব মাঠেই একইভাবে খরচ নেওয়া হয় বলেও জানান তারা।

কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, কুতুবদিয়া-মহেশখালী মানুষের প্রধান পেশা লবণ আর মৎস্য আহরণ। মাঠে লবণের কেজি ৪ টাকা। লবণের ন্যায্য দাম নির্ধারণ না করেই লবণ আমদানির পাঁয়তারা করা হয়েছিল গত অন্তর্বর্তী সরকারের সময়। তারা আন্দোলন-প্রতিবাদ করে স্থগিত রেখেছেন লবণ আমদানি। চাষিরা যেন লবণের ন্যায্য দাম পান, সে জন্য সংসদে তার সরকারের মাধ্যমে একটি লবণ বোর্ড গঠনের উদ্যোগ নেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন