চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন কোনো কর আরোপ না করে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বাজেট ঘোষণা করেছে চাঁদপুর পৌরসভা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম শরীফ সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কোভিদ হোসেন সরদার, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির এবং চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. জামিউল হিকমা।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত বাজেটে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা। প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা এবং উন্নয়ন খাতে আয় (রাজস্ব উদ্বৃত্ত ব্যতীত) নির্ধারণ করা হয়েছে ১৩৪ কোটি ২০ লাখ টাকা।

অন্যদিকে, মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। সমাপনী স্থিতি ধরা হয়েছে ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় (রাজস্ব উদ্বৃত্তসহ) নির্ধারণ করা হয়েছে ১৪৫ কোটি ৭০ লাখ টাকা।

বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, নতুন কর আরোপ না করেই নাগরিক সেবার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি পৌরবাসীর সহযোগিতায় পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন