চট্টগ্রাম নগরীতে নকশাবহির্ভূতভাবে ও বিল্ডিং কোড লঙ্ঘন করে নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরের কল্পলোক আবাসিক এলাকা ও কেবি আমান আলী রোডে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সিডিএর অথরাইজড অফিসার কাজী কাদের নেওয়াজ টিপু জানান, অভিযানে দেখা যায়, ভবনের মালিকরা সিডিএর অনুমোদিত মূল নকশা লঙ্ঘন করে এবং বাধ্যতামূলক সেটব্যাক (খালি জায়গা) না রেখে ভবন নির্মাণ করছেন। এসব অনিয়মের কারণে নির্মাণাধীন ভবনগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট পাঁচটি নির্মাণাধীন ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়।
একইসঙ্গে সংশ্লিষ্ট মালিকদের অর্থদণ্ড করা হয়। এসময় একটি ভবনের মালিককে না পাওয়ায় ভবনটি সিলগালা করে দেয় সিডিএ। এছাড়া কেবি আমান আলী রোডের আরো একটি ভবনে অভিযান চালিয়ে নকশা ও বিল্ডিং কোড অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

