বইয়ের ব্যাগ নিয়ে আর বাড়ি ফেরা হলো না আলিফের

বইয়ের ব্যাগ নিয়ে আর বাড়ি ফেরা হলো না আলিফের

স্কুল ছুটি শেষে কাঁধে বই-খাতার ব্যাগ নিয়ে বাড়ি ফেরার কথা ছিল প্রথম শ্রেণির শিক্ষার্থী আলিফ হোসেনের (৭)। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই পথই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার।

বিজ্ঞাপন

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে কুমিল্লার তিতাস উপজেলার ৩ নম্বর বলরামপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামের মনিরুজ্জামান ভূঁইয়ার বাড়ির পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটি হলে আলিফ সামনের পাকা সড়কের পাশে ঝালমুড়ি কিনতে যায়। এ সময় একটি বেকারির পণ্যবাহী ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর উল্টে পড়ে। এতে আলিফ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথেই আলিফের মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আলিফ হোসেন উপজেলার উলুকান্দি গ্রামের পূর্বপাড়া বাসিন্দা মো. দেলোয়ার হোসেনের ছোট ছেলে এবং উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

আলিফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো উলুকান্দি গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।

এলাকাবাসী সূত্রে জানা যায় বিষয়টি মীমাংসা করতে স্থানীয়রা বেকারি মালিক ও ভ্যান চালককে নিয়ে নিহতের পরিবারের সাথে রফাদফার চেষ্টা করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন