ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একমাত্র প্রার্থী জোবাইরুল হাসান আরিফের ভরাডুবি হয়েছে। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও ও পাঁচলাইশ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন মাত্র দুই হাজার ৯০৬ ভোট, যা মোট ভোটারের শূন্য দশমিক ৫২ শতাংশ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ আসনে মোট ভোটার পাঁচ লাখ ৫৪ হাজার ৭২৯ জন। ভোট পড়েছে দুই লাখ ৫৬ হাজার ১৩৪টি। বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ এক লাখ ৫০ হাজার ৭৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩৩ ভোট।
নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এনসিপির প্রার্থী সে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হচ্ছে। তবে শুধু এনসিপি প্রার্থী নন, এ আসনে আরো দুই প্রার্থী জামানত হারিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল আলম পেয়েছেন এক হাজার ১৮৮ ভোট এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী এমদাদুল হক পেয়েছেন ৮৭০ ভোট।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬ আসনের মধ্যে ১৪টিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। বাকি দুটি আসনে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থীরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

