সাংবাদিকদের সভাকক্ষ ছাড়তে বললেন হুইপ নিজান

সাংবাদিকদের সভাকক্ষ ছাড়তে বললেন হুইপ নিজান

কুমিল্লা জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভার মূল আলোচনা শুরুর আগে সাংবাদিকদের সভাকক্ষ ছাড়তে বলেছেন জাতীয় সংসদের হুইপ, কুমিল্লার আইনশৃঙ্খলা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত এ বি এম আশরাফ উদ্দিন নিজান। তিনি সাংবাদিকদের ছবি তোলা শেষ করে পাশের কক্ষে গিয়ে অপেক্ষা করার পাশাপাশি চা খাওয়ার পরামর্শ দেন। সভায় সংবেদনশীল ও ‘বায়াস’ আলোচনা হবে উল্লেখ করে তিনি সাংবাদিকদের সভাকক্ষে না থাকার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, সামাজিক কর্মসূচি, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয় নিয়ে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এ বি এম আশরাফ উদ্দিন নিজান। জেলা প্রশাসক রোজি আক্তারের সঞ্চালনায় নির্ধারিত সময়ে সভার কার্যক্রম শুরু হয়।

সভা শুরুর দিকে রোজি আক্তার ও জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য দেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

পরিচিতি পর্ব শেষে মূল আলোচনা শুরুর সময় সভার সভাপতি এ বি এম আশরাফ উদ্দিন নিজান মাইকে ঘোষণা দিয়ে বলেন, এই আলোচনা সভায় যাদেরকে দাওয়াত দেওয়া হয়নি, তারা এখান থেকে চলে যান।

এরপর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিক ভাইয়েরা, ছবি তোলা হলে আপনারা চলে যান। পাশের রুমে গিয়ে অপেক্ষা করুন, চা খান। এখানে অনেক সংবেদনশীল আলোচনা হবে, বায়াস হবে।

হুইপের এমন বক্তব্যের পর সাংবাদিকদের সভাকক্ষের বাইরে চলে যেতে বলা হয়। ফলে আইনশৃঙ্খলা, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে অনুষ্ঠানের মূল আলোচনা সাংবাদিকদের উপস্থিতি ছাড়াই সম্পন্ন করতে হয় বলে জানান আয়োজকেরা।

উল্লেখ্য, গত দুই দিন ধরে দেশের অন্যান্য স্থানে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভার চিত্র সাংবাদিকেরা সরাসরি সম্প্রচার (লাইভ) করতে পারলেও কুমিল্লার ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেল।

উক্ত সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, জেলা পরিষদ প্রশাসক হাজি মোস্তাক মিয়াসহ জেলার ১৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন