প্রতিষ্ঠান সিলগালা, কাঁচামাল জব্দ,

চাঁদপুরে আধুনিক যন্ত্রে সজ্জিত অবৈধ পলিথিন ফ্যাক্টরির সন্ধান

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরে আধুনিক যন্ত্রে সজ্জিত অবৈধ পলিথিন ফ্যাক্টরির সন্ধান
ছবি: আমার দেশ

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে একটি টিনশেড গুদামে আধুনিক যন্ত্রে অবৈধভাবে পলিথিন উৎপাদনের কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

অভিযানে বিপুল পরিমাণ পলিথিন ও কাঁচামাল জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়েছে। ২২ এপ্রিল সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পরিবেশ অধিদপ্তর।

বিজ্ঞাপন

ওই দপ্তর জানায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্বর্ণখোলা রোডে হরিজন সম্প্রদায়ের আবাসনের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, টিনশেড গুদামটি ভাড়া নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পলিথিন উৎপাদন করে চাঁদপুরসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছিল।

অভিযানকালে কারখানা থেকে ১ হাজার ৭৭৪ কেজি পলিথিন ও পলিপ্রোপিলিন (পিপি) দানা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা সিলগালা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

এ বিষয়ে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি।

ঘটনাস্থলে এসে দেখতে পাই, একটি বড় শেড ভাড়া নিয়ে সেখানে অবৈধভাবে পলিথিন তৈরি করা হচ্ছিল। আমরা প্রস্তুত পলিথিন ও কাঁচামাল জব্দ করে কারখানা সিলগালা করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন