দুর্গাপূজার প্রস্তুতি সভায় জামায়াত এমপি জহিরুল

কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে বাঁশখালীর মুখ কলঙ্কিত করতে না পারে

কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে বাঁশখালীর মুখ কলঙ্কিত করতে না পারে
বাঁশখালীতে দূর্গাপূজার প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মাওলানা জহিরুল ইসলাম বলেছেন, ‘আসন্ন দুর্গাপূজায় কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে বাঁশখালীর সুনাম ও ঐতিহ্যকে কলঙ্কিত করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দুর্গাপূজায় কোনো নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তাই প্রতিটি পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটির সঙ্গে জামায়াত ও বিএনপির কর্মীরা একসাথে পাহারা দিয়ে প্রমাণ করে দেবে যে বাঁশখালী সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা দীর্ঘ ১৭ বছর একসাথে আন্দোলনে ছিলাম, দেশের যেকোনো ক্রান্তিলগ্নে এখনও একসাথে কাজ করে যাব।’

বিজ্ঞাপন

সোমবার বিকেলে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আয়োজিত দুর্গাপূজার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলহাজ কামরুল ইসলাম হোসাইনী, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ আমিনুর রহমান চৌধুরী, আনসার ও ভিডিপি কর্মকর্তা মানিক, পৌরসভা জামায়াতের আমীর আবু তাহের, বাঁশখালী পূজা উদযাপন কমিটির সভাপতি লায়ন শেখর দত্ত, সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী এবং সাবেক সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাস।

সভায় বক্তারা সম্প্রীতি বজায় রাখার প্রতি বিশেষ জোর দেন। সাবেক মেয়র ও বিএনপি নেতা কামরুল ইসলাম হোসাইনী বলেন, ‘মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর বাঁশখালী ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। আমরা যেকোনো মূল্যে তা রক্ষা করব।’

অন্যদিকে, দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে বিএনপি নেতা আলহাজ আমিনুর রহমান চৌধুরী বলেন, ‘পূজায় মদপান করে বিশৃঙ্খলা ও লাফালাফি করার কোনো সুযোগ দেওয়া হবে না। সবাইকে একসাথে মিলে আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা বদরুল হক, সহকারী কমিশনার (ভূমি) তানজিদুর রহমান তন্ময় এবং বিএনপি নেতা দেলোয়ার আজিম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন