ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনে সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু বলেছেন, পালিয়ে গিয়েও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। দেশ ও দেশের বাইরে থেকে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই দল মতের ঊর্ধ্বে উঠে সকল ভেদাভেদ ভুলে দেশ ও গণতন্ত্রের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। যাতে তারা মাথাছাড়া দিয়ে উঠতে না পারে।
সোমবার দুপুরে ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ৫৪টি ওয়ার্ডের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। বেগম জিয়াকে একের পর এক সাজানো মামলায় বছরের পর বছর কারাগারে আটকে রেখে হত্যার চেষ্টা চালিয়েছে। শুধু তাই নয় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ জিয়া ও বেগম জিয়ার যোগ্য উত্তরসূরী তারেক জিয়া যাতে দেশে আসতে না পারে সেজন্য তার নামে একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে।
সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক বেলাল আহমেদ মজুমদার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ মজুমদার, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মো. আলমগীর বিএ, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল লতিফ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনির আহমদ খোকন, কাজী জসিম, আব্দুল মোমিন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

