নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ৭০ লাখ ঘনফুট

নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ৭০ লাখ ঘনফুট

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কূপটিতে বর্তমানে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) বা পরীক্ষামূলক পর্যবেক্ষণ চলছে। পরীক্ষা শেষ হলে গ্যাসের মোট মজুত ও উত্তোলনযোগ্য পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ কূপ থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন (৭০ লাখ) ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করার কথা জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর আগে গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়েছিল।

বাপেক্স সূত্রে জানা গেছে, ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি (মেজারমেন্ট হোয়াইল ড্রিলিং) প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি মেলে।

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক মঙ্গলবার রাতে জানান, কূপে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আগামী দুই থেকে তিন দিন কূপে ডিএসটি পরীক্ষা চলবে। পরীক্ষা শেষে কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন