চট্টগ্রাম শহরের খুলশী থানার আমবাগান হিন্দুপাড়ায় জামায়াত প্রার্থীর পক্ষে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের হুমকি দেওয়া হয়েছে-এমন দাবি তুলে একটি ফেসবুক-ভিত্তিক পেজের ভিডিও বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তবে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বক্তব্য, ভিডিওর অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল নেই। বরং তারা বলছেন, হয়তো টাকা দিয়ে এমন ভুয়া ভিডিও বানানো হয়েছে।
বুধবার দুপুরে হিন্দুপাড়ার কয়েকজন বাসিন্দার সাথে কথা হয়। তাদের একজন, চম্পা রানি দাস বলেন, এখানে কোনো ঝামেলা হয়নি। কেউ এসে হুমকি-টুমকি দেয়নি। ভোট তো আমাদের নিজের বিষয়। কোন দলকে দেব, সেটা নিয়ে ভয় দেখানোর প্রশ্নই আসে না।
আরেকজন বাসিন্দা গীতা রানী শীল (৩৬)বলেন, ফেসবুকে যা দেখলাম, সেটা দেখে অবাক হয়েছি। আমাদের পাড়ায় তো এমন কিছু ঘটেনি। মনে হচ্ছে, কারা যেন পরিকল্পিতভাবে ভিডিও বানিয়েছে।
পাড়ার বয়োজ্যেষ্ঠ দিলিপ কান্তি শীলের ভাষায়, নির্বাচন সামনে, নানারকম খেলা হয়। কিন্তু আমাদের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ।
একাধিক ব্যক্তি একই ধরনের মন্তব্য করেন জামায়াত বা অন্য কোনো দলীয় কর্মী হিন্দুদের ভয় দেখিয়েছে, এমন অভিজ্ঞতা তাদের নেই।
পুলিশ বলছে অভিযোগ পাওয়া যায়নি
খুলশী জোনের ডিসি আমিনুল ইসলাম বলেন, আমরা কয়েকবার ওই এলাকায় টহল দিয়েছি। কেউ কোনো অভিযোগ করেনি। এলাকার পরিস্থিতিও শান্ত। ভিডিওর বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে বিভ্রান্তিকর বা উসকানিমূলক কনটেন্ট ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম–১০ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ভিডিওটিকে ‘সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ভোটারদের আমরা সবসময় আশ্বস্ত করছি িস্বাধীনভাবে ভোট দিন। সেখানে হুমকির প্রশ্নই ওঠে না। বিএনপি আমাদের বিরুদ্ধে পরিবেশ তৈরি করতে ভুয়া ভিডিও ছড়াচ্ছে।
ঘটনার পর ভিডিওটি নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। স্থানীয় যুবক অরূপ দাস বলেন, ক্যামেরা নিয়ে এসে দুই–একজনকে দাঁড় করালে কিছু বলে দিতে পারে। এখন ভাইরাল হলেই তো সত্য হয় না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

