আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরিশালের ৬টি আসনের অর্ধেকের বেশি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

বরিশাল অফিস

বরিশালের ৬টি আসনের অর্ধেকের বেশি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের অর্ধেকের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে প্রায় ৩০০টি । সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করতে এসব ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটের দিন ভোট কেন্দ্র, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তায় মাঠে থাকবে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট-গার্ড, বিজিবি, র্যাবসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা।

বরিশাল জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৮৩৩টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে সাধারণ ভোট কেন্দ্র রয়েছে ৩৪২টি, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র ১৯৭টি ও অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র ২৫৪টি। বরিশাল-১ আসনে মোট ভোট কেন্দ্র ১২৯টি। এর মধ্যে সাধারণ ভোট কেন্দ্র ৪৩টি, গুরুত্বপূর্ণ ৫১টি ও অতি-গুরুত্বপূর্ণ ৩৫টি। বরিশাল-২ আসনে মোট ভোট কেন্দ্র ১৪০টি। এর মধ্যে সাধারণ কেন্দ্র ২৫টি, গুরুত্বপূর্ণ ৫১টি ও অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র ৬৪টি। বরিশাল-৩ আসনের মোট ভোট কেন্দ্র ১২৬টি। এর মধ্যে সাধারণ ভোট কেন্দ্র ৩৭টি, গুরুত্বপূর্ণ ৩৯টি ও অধিক গুরুত্বপূর্ণ ৫০টি। বরিশাল-৪ আসনে মোট ভোট কেন্দ্র ১৪৯টি। এর মধ্যে সাধারণ ভোট কেন্দ্র ৯৮টি, গুরুত্বপূর্ণ ১৭টি ও অতি গুরুত্বপূর্ণ ৩৪টি। বরিশাল-৫ আসনে মোট ভোট কেন্দ্র ১৭৬টি। এর মধ্যে সাধারণ ভোট কেন্দ্র ৯৩টি, গুরুত্বপূর্ণ ৪৬টি ও অতি গুরুত্বপূর্ণ ৩৭টি। বরিশাল-৬ আসনে ১১৩টি ভোট কেন্দ্র। এর মধ্যে সাধারণ ভোট কেন্দ্র ৪৬টি, গুরুত্বপূর্ণ ৩২টি ও অতি-গুরুত্বপূর্ণ ৩৫টি।

বিজ্ঞাপন

এসব ঝুঁকি-ভোট কেন্দ্রের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ।

তিনি বলেন, দুর্গম নদী বেষ্টিত যেসব এলাকা রয়েছে সেসব এলাকার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। নদীপথের ক্ষেত্রে নৌ-পুলিশ ও কোস্ট-গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে পাঁচজন করে এবং অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ছয়জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়াও থাকবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রের জন্য একটি করে মোবাইল টিম থাকবে। এছাড়া বরিশাল জেলা পুলিশের অধীনে সাধারণ কেন্দ্রে দুইজন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। জেলায় সর্বমোট ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্যর পাশাপাশি ৯৯ টি মোবাইল টিম এবং ১২টি স্ট্রাইকিং টিম কাজ করছে।

ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা থাকবে জোরালো। বরিশাল জেলার প্রতি উপজেলায় গড়ে ১০০ জন ও মেট্রোপলিটন এলাকায় ৪০০ জন করে সেনা সদস্য অবস্থান করবেন। এছাড়া প্রতি দুই থেকে তিনটি ইউনিয়নের জন্য একটি করে পেট্রোল টিম কাজ করছে। পাশাপাশি বিজিবির ১৪ প্লাটুন সদস্য জেলার বিভিন্নস্থানে মোতায়েন করা হয়েছে।

বরিশালের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম খায়ের উদ্দিন জানান, আমরা সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে পেশাদারিত্বের সাথে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করি এবং এ ধারা অব্যাহত থাকবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং ভোটের জন্য সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই আমাদের মুল লক্ষ্য। এ কাজে বাধাদানকারী সে যেই হোকনা কেন, আমরা কঠোর হস্তে তাদের দমন করবো।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, বরিশালের ৬ টি সংসদীয় আসনে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের বিষয়ে কোন সন্দেহ বা শঙ্কা নেই। তিনি বলেন, প্রশাসন জেলার সর্বত্রই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন