আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনি সহিংসতা

ফেনীর সেই জুলাইযোদ্ধার ওপর বিএনপি নামধারীদের হামলা

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীর সেই জুলাইযোদ্ধার ওপর বিএনপি নামধারীদের হামলা
ছবি: আমার দেশ

ফেনীতে সায়েম উদ্দিন নামে আলোচিত সেই জুলাইযোদ্ধাকে মারধর করেছে বিএনপি নামধারী সন্ত্রাসীরা। শুক্রবার রাতে জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর রাস্তার মাথা নামক স্থানে এ হামলা করা হয়।

হামলার শিকার সায়েম একই ইউনিয়নের মাছিমপুর এলাকার বাসিন্দা এবং ফেনীর আল-জামেয়াতুল মালাহিয়া কামিল মাদরাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

চব্বিশের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফেনী শহরের মহিপালে আওয়ামী অস্ত্রধারী সন্ত্রাসীদের প্রতিরোধে থেকে দেশজুড়ে আলোচিত হন এই জুলাইযোদ্ধা। সেদিন হামাগুঁড়ি দিয়ে ছাদের ওপর থেকে তার মুহুর্মুহু ইটপাটকেল নিক্ষেপের দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল।

এনসিপির ফেনী-৩ আসনের অ্যাম্বাসেডর আবদুল্লাহ আল জোবায়ের জানান, রাত ৮টার দিকে কোরবানপুর রাস্তার মাথায় জুলাইযোদ্ধা সায়েমকে একা পেয়ে পার্শ্ববর্তী স্থানে ডেকে নেয় বিএনপি নামধারী সন্ত্রাসীরা। সেখানে আগে থেকে ওত পেতে থাকা চার-পাঁচজন সন্ত্রাসী তাকে কিল-ঘুষি, লাথিসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। একপর্যায়ে বেদম মারধর শেষে তাকে সেখানে ফেলে যায়।

খবর পেয়ে অ্যাম্বাসেডর আবদুল্লাহ আল জোবায়ের ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হামলাকারীরা পরিচিত মুখ ও বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত বলে জুলাইযোদ্ধা সায়েম জানিয়েছেন। ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

ছাত্রশিবিরের ফেনী শহর সেক্রেটারি শফিকুল ইসলাম জানান, ঘটনা জেনে ফেনীর জুলাইযোদ্ধারা সায়েমকে দেখতে সঙ্গে সঙ্গে হাসাপাতালে ছুটে যান। তিনি সায়েমের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, আলোচিত জুলাইযোদ্ধাকে মারধর করার বিষয়টি শুনেই আমরা হাসপাতালে ছুটে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছি। বর্তমানে তাকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রুবাইয়াত বিন করিম বলেন, আলোচিত জুলাইযোদ্ধা সায়েম উদ্দিন ফেনী জেনারেল হাসপাতালে আসার পর থেকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হাসপাতালে ভর্তি আছে।

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। জেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যে-ই হোক, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দলের পক্ষ থেকে পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে।

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম আমার দেশকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ততক্ষণে আহত জুলাইযোদ্ধাকে চিকিৎসার জন্য ফেনী নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে মামলা গ্রহণ ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন