জালিয়াতি করে ছেলে জিপিএ-৫ দেওয়া

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব কারাগারে

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব কারাগারে

জালিয়াতির মাধ্যমে নিজের ছেলেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাইয়ে দেওয়ার মামলায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশের পরিদর্শক শাহিনুর আলম।

বিজ্ঞাপন

এর আগে হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন নারায়ণ চন্দ্র নাথ। জামিন শেষে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

চট্টগ্রামের পাঁচলাইশ থানায় গত ২১ জানুয়ারি মামলাটি করেন শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক একেএম সামছু উদ্দিন আজাদ। মামলার অন্য আসামিরা হলেন- নারায়ণের ছেলে নক্ষত্র দেবনাথ, শিক্ষাবোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান এবং সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।

২০২৩ সালে নারায়ণ চন্দ্র নাথ শিক্ষাবোর্ডের সচিব থাকাকালে তার ছেলে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ফলাফল প্রকাশের পর জালিয়াতির অভিযোগ ওঠে।

বিষয়টি তদন্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তদন্তে অভিযোগের সত্যতা মেলায় গত বছরের ১৭ সেপ্টেম্বর মাউশির শৃঙ্খলা শাখা থেকে জারি করা আদেশে নারায়ণের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও তার ছেলের ফলাফল বাতিলের সুপারিশ করা হয়।

এরপর গত বছরের ২৩ সেপ্টেম্বর নারায়ণ চন্দ্র নাথকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। অভিযোগ ওঠার পর তাকে শিক্ষাবোর্ড থেকে সরিয়ে মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে পদায়ন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন