আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর ৯ কোটি ২ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ফেনীর পতিত গডফাদার নিজাম উদ্দিন হাজারীসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পারসিত চাকমা আদালতে এ চার্জশিট দাখিল করেন। এর আগে ২০২৪ সালের ১৪ নভেম্বর ৯ কোটি ২ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ ও ৫ কোটি টাকা চাঁদা না দেওয়ায় মারধর ও নির্যাতনের অভিযোগে নিজাম হাজারীসহ আরও ৭ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী আনোয়ার হোসেন।
চার্জশিটভুক্ত মামলার অন্য আসামিরা হলেন—জাতীয় পার্টির সাবেক এমপি আহসান আদেলুর রহমান ও জনৈক জিনাত রেজওয়ানা, নিজাম হাজারীর নিকটাত্মীয় আবদুল আউয়াল, ব্রাহ্মণবাড়িয়ার রাকিব মিঞা, ঝালকাঠির আলিম তালুকদার, ফেনী শহরের বারাহিপুরের কহিনুর আক্তার ও সুলতানপুরের ফারহানা আক্তার।
মামলার তদন্তে উল্লেখ করা হয়, ভুক্তভোগীর সঙ্গে জিনাত রেজওয়ানার ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই সুবাদে আনোয়ার হোসেন জিনাত রেজওয়ানার কাছে টাকা পেয়ে থাকেন। টাকা চাওয়া হলে বরং ভুক্তভোগীর বিরুদ্ধে তার কোম্পানির প্যাড ও চেক চুরি হওয়ার কথা বলে তৎকালীন সরকারদলীয় প্রভাব খাটিয়ে থানায় দুটি পৃথক জিডি করেন ও হুমকি-ধমকি দেন।
একপর্যায়ে সাক্ষীদেরও নানাভাবে হয়রানি করা হয়। পরে আবার পাওনা টাকা ফেরত চাইলে ও আইনানুগ ব্যবস্থা নিতে গেলে আউয়াল, কহিনুর, ফারহানার মাধ্যমে বিষয়টি জাতীয় পার্টির সাবেক এমপি আহসান আদেলুর রহমানকে জানালে তিনি নিজাম হাজারীকে জানান। পরে নিজাম হাজারী তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন।
একপর্যায়ে তাও টাকা ফেরত চাওয়া হলে তাকে নিজাম হাজারীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় নিজাম হাজারী তার কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়।
পরে ছাড়তে না চাইলে পরিবার থেকে ২০ লাখ টাকা চাঁদা দিয়ে বাকি টাকা পরদিন দেওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, রহস্যময় নারী জিনাত রেজওয়ানা আওয়ামী লীগের আলোচিত নেতা নিজাম হাজারীর প্রভাব খাটিয়ে বেশ কয়েকবার ফেনী সার্কিট হাউসে রাত্রিযাপনের তথ্য পাওয়া যায়।
তার বিরুদ্ধে সিলেট, হবিগঞ্জ ও ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত অর্ধশত মামলা রয়েছে বলে জানা গেছে। রেজওয়ানা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলে তাদের ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

