ফেনী জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের মাত্র এক দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন করে রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে একমাত্র আসামি মো. সাগর মিয়াকে (২৪) এক বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মো. আবু জাহের বাদল চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত আসামি সাগরকে কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত সাগর কিশোরগঞ্জের চৌহালী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফলেশ্বর এলাকায় অবস্থিত একটি মেসে ভাড়াটে হিসেবে বসবাস করতেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের ট্রাংক রোড এলাকার কালীমন্দিরে পূজা দিতে গিয়ে ছিনতাইয়ের শিকার হন জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী। এ ঘটনায় তিনি বাদী হয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সাগরকে একমাত্র আসামি করে ফেনী মডেল থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। পরদিন মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি সাগরকে আদালতে হাজির করে তদন্ত প্রতিবেদন (চার্জশিট) জমা দেন। পরে দ্রুততম সময়ে সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী তার শিশুকন্যাকে নিয়ে শহরের বড় মসজিদের পাশে অবস্থিত কালীমন্দিরে পূজা দিতে যান। এ সময় আসামি সাগর তার গলায় থাকা প্রায় ৮৮ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তখন মন্দিরে উপস্থিত এক স্থানীয় যুবক হাতেনাতে সাগরকে ধরে ফেলেন এবং পরে তাকে ফেনী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মামলা দায়েরের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আমরা আদালতে নিখুঁত চার্জশিট জমা দিয়েছি। বিজ্ঞ আদালত মোট ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।
তিনি আরো জানান, মামলার মাত্র এক দিনের মধ্যেই চার্জশিট প্রদান ও রায় ঘোষণা ফেনীর বিচারিক ইতিহাসের একটি অনন্য দৃষ্টান্ত। উদ্ধারকৃত স্বর্ণের চেইনটি ইতোমধ্যে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

