আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চোর ধরা নিয়ে উত্তেজনা: পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ২০‎‎

‎উপজেলা প্রতিনিধি, (রায়পুর) লক্ষ্মীপুর

চোর ধরা নিয়ে উত্তেজনা: পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ২০‎‎
আমার দেশ

লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় চার চোরকে আটক নিয়ে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় রাস্তায় বাঁশসহ গাছের গুঁড়ি ফেলে আগুন দেয় তারা।

‎ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮টায় রায়পুর আঞ্চলিক সড়কের চৈতাইল্যা দিঘিপাড় এলাকায়।

বিজ্ঞাপন

‎‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হায়দর আলী বেপারীবাড়ির শাহ আলমের অটোরিকশাটি চুরি হয়। এ ঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন চারজনকে আটক করেন এবং তাদের কাছ থেকে ব্যাটারি ছাড়া অটোরিকশা উদ্ধার করেন । পরে স্থানীয়রা ব্যাটারির জন্য আটক চার চোরকে পিটুনি দেন। 

‎‎‎রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ব্যাটারি না পেলে তাদের ছাড়বে না বলে জানায় এলাকাবাসী। এ নিয়ে এলাকাবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় রায়পুর থানার পুলিশ সদস্য মোতালেব, শওকত, মঞ্জুর, জাহিদসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ সদস্যদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

‎‎এ ঘটনায় এলাকাবাসী লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়কের চৈতাইল্যা দিঘিপাড় এলাকায় অগ্নিসংযোগ করে প্রায় সাড়ে ৩ ঘণ্টা অবরোধ করে রাখে। ফলে অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।

‎‎‎অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, চারজনকে আটকে রেখে পেটানোর খবর পেয়ে মোবাইল টিম ঘটনাস্থলে যায়। আটক চারজনকে থানায় নিয়ে আসতে চাইলে ২০-৩০ জন এলাকাবাসী ইটপাটকেল ছুড়তে থাকে। এতে এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। 

‎‎তিনি আরও বলেন, ‘আটক চার চোর থানা-পুলিশের হেফাজতে রয়েছে। অটোরিকশা চুরির ঘটনায় মালিক মামলা দিলে মামলা নেব। আর পুলিশ আহতের ঘটনায়ও মামলা হবে। যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...