ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহিদুল হক মানিক মাস্টার (৮৩) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মেয়ের বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার বাদ জোহর নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে আসর নামাজের পর ঐতিহাসিক চারগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে (নারায়ণপুর) দ্বিতীয় জানাজা শেষে নবীনগর পৌরসভার নারায়ণপুর ডিএস কামিল মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
শহিদুল হক মানিক মাস্টার নবীনগর পৌরসভার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তিনি ১৯৮৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় (আলীয়াবাদ)-এর প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন।
এ ছাড়া তিনি ঐতিহাসিক চারগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ কমিটির বর্তমান সভাপতি, নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি তিন মেয়ে, দুই ছেলে, অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক ও গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।
শহিদুল হক মানিক মাস্টারের মৃত্যুতে নবীনগরের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, নবীনগর প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

