চাঁদপুর সরকারি হাসপাতালে প্লাস্টার ধসে পড়ে আহত রোগী, আতঙ্কে হুড়োহুড়ি

চাঁদপুর সরকারি হাসপাতালে প্লাস্টার ধসে পড়ে আহত রোগী, আতঙ্কে হুড়োহুড়ি

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের কার্ডিওলজি (হৃদরোগ) বিভাগের পুরুষ ওয়ার্ডের ছাদের প্লাস্টার ধসে পড়ে এক রোগী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালের দ্বিতীয় তলায় কার্ডিওলজি ওয়ার্ডে হঠাৎ ছাদের অংশ ধসে পড়ায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত রোগীর নাম মোহাম্মদ আবুল খায়ের (৫০)। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মদননগর এলাকার আবদুল মান্নানের ছেলে। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছাদের ভারী অংশ খসে তার মাথার ওপর পড়লে তিনি গুরুতর আঘাত পান। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে ধসে পড়া ছাদের আশপাশের বেডে থাকা রোগী ও তাদের স্বজনদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে ওই অংশকে মারাত্মক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে স্থানটি ঘিরে রাখা হয়েছে।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, হাসপাতাল ভবনটির বয়স খুব একটা বেশি হয়নি। এর পরও বেশ কিছু স্থান ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন