লক্ষ্মীপুরের রামগতিতে জুলাই শহীদ দিবসে জুলাই গণ-অভ্যুত্থানকে অবৈধ দাবি করে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে ঝটিকা বিক্ষোভ মিছিলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে রামগতি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কমিশনার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রামগতি পৌরসভার কারামতিয়া এলাকায় কয়েক মিনিটের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কমিশনার মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি শেষ হওয়ার পর তারা দ্রুত এলাকা ত্যাগ করেন।
ঘটনার খবর পেয়ে রামগতি থানা পুলিশ অভিযান চালিয়ে চর সেকান্দর এলাকায় নিজাম উদ্দিনের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে নিজাম উদ্দিনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে অবৈধ তৎপরতার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

