বিরোধের জেরে প্রনতি রাণীর শেষ আশ্রয়টুকুও পুড়ে ছাই

বিরোধের জেরে প্রনতি রাণীর শেষ আশ্রয়টুকুও পুড়ে ছাই

দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে চট্টগ্রামের মিরসরাইয়ে এক অসহায় বিধবার একমাত্র বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। অগ্নিকাণ্ডে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এর আগে একই বিরোধকে কেন্দ্র করে পরিবারের রোপণ করা গাছ কেটে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও ঘটনার আট দিনেও পুলিশ তদন্তে যায়নি বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে উপজেলার ৯ নম্বর মিরসরাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিঠাছড়া এলাকার ‘দুলালের বাড়ি’ হিসেবে পরিচিত স্থানে। ভুক্তভোগী প্রনতি রাণী দাশ রায় (৬৮) ২০১৫ সালে স্বামী অমরন্দু দাশ রায় ওরফে দুলালের মৃত্যুর পর তিন মেয়েকে নিয়ে দীর্ঘ দিন ধরে স্বামীর ভিটায় বসবাস করে আসছেন।

প্রনতি রাণী দাশের অভিযোগ, স্বামীর নামে তফসিলভুক্ত জমি তারা দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছেন। তবে ওই জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গত ১৪ সেপ্টেম্বর তিনি প্রতিবেশী চোটন কর্মকার (৩৭), মো. সোহেল, আজিম উদ্দিন ও আজাদ হোসেনের নাম উল্লেখ করে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে দাবি করা হয়, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের লাগানো গাছপালা জোরপূর্বক কেটে নিয়ে গেছে।

ভুক্তভোগীর অভিযোগ, থানায় আবেদন করার আট দিন পার হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো তদন্ত করেনি কিংবা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়নি। এর মধ্যেই গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাদের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কাঠের তৈরি পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায় এবং বৃদ্ধা প্রনতি রাণী তার একমাত্র মাথা গোঁজার আশ্রয়টুকুও হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

প্রনতি রাণী দাশ বলেন, ২০১৫ সালে স্বামী মারা যাওয়ার পর তিন মেয়েকে নিয়ে স্বামীর ভিটায় থেকে আসছি। সম্পত্তি নিয়ে বিরোধ সমাধানের জন্য আদালতে রায় হলেও তারা গায়ের জোরে তা মানে না। গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। এখন রাতের আঁধারে আমার ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই—আমাকে ভিটা থেকে উচ্ছেদ করে জমি দখল করা।

তিনি আরো জানান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দীনের উদ্যোগে শনিবার দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসার কথা ছিল। প্রনতি রাণী যথাসময়ে উপস্থিত হলেও আরেক পক্ষ বৈঠকে অংশ নেয়নি।

চোটন কর্মকার জানান, আজকের বৈঠক সম্পর্কে আমি জানিনা। সম্পত্তির বিরোধ হচ্ছে সুমনের সাথে প্রনতি রানী দাশের । সুমনের সাথে আমার সম্পর্কের কারনে সমাধানের জন্য আমি সম্পৃক্ত হয়েছি। এখন আমাকে বিবাদী করে একটি পক্ষ হিসেবে অভিযুক্ত করা হচ্ছে।

এ বিষয়ে গাজী নিজাম উদ্দীন বলেন, চোটন কর্মকার ও প্রনতি রাণীর মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও এ নিয়ে অনেক সালিশ-দরবার হলেও কোনো সমাধান হয়নি। আমি উভয় পক্ষকে কাগজপত্র পর্যালোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রস্তাব দিয়েছিলাম। আজ প্রনতি রাণী বৈঠকে এলেও চোটন কর্মকার উপস্থিত হননি। এর মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; আমি ভুক্তভোগীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।

অভিযোগের বিষয়ে মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ঘরে আগুন দেওয়ার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। আর গত ১৪ সেপ্টেম্বরের গাছ কাটার অভিযোগ প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারছি না, কারণ আমি বর্তমানে চট্টগ্রামে একটি সভায় আছি। তবে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করা হবে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন