ফেনীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও অপরাধ দমনে অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ফেনী শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং কিশোরদের বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ বাড়ায় জেলা পুলিশের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে রোববার বিকেলে একযোগে শহরের একাধিক স্পটে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে শহরের রাজনন্দিনী দিঘি, পেট্রোবাংলা, একাডেমি, মাস্টারপাড়া ও নাজির রোড এলাকা থেকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় ৩৮ জন কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতদের প্রায় সবার বয়স ১৬ থেকে ২২ বছরের মধ্যে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়েছে। আটক ৩৮ জনের মধ্যে ২৫ জনের অভিভাবকদের রাতেই থানায় ডেকে এনে মুচলেকা সম্পাদন-পূর্বক নিজ নিজ সন্তানদের তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, বাকিদের অভিভাবকেরা না এলে নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ ও শহরজুড়ে অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

