চট্টগ্রামের মিরসরাইয়ে সপ্তম শ্রেণির এক কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর পর পালাক্রমে ধর্ষণের অভিযোগে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ঘটনার পর কিশোরীর মা জোরারগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় আরও দুইজন আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে—হৃদয় (২৫) ও রানা (২৭)। গ্রেপ্তার ইমাম হোসেন বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের শাহজাহানের ঘরের পাশে পুকুরপাড় সংলগ্ন বাগানে কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। ঘটনার পর আসামিরা কিশোরীকে কাউকে না জানানোর হুমকি দেয়। পরে পরিবারে চাপ প্রয়োগ করা হয়, যাতে মামলা না করা হয়।
চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল জানিয়েছেন, তিনি নির্বাচনি সমাবেশে থাকায় খোঁজ নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেবেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, “ভিকটিমের মা বাদি হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত ইমাম হোসেনকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। অন্য দুই আসামির গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

