আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘শিল্প লবণের নামে খাবার লবণ আমদানি করতে দেয়া হবে না’

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

‘শিল্প লবণের নামে খাবার লবণ আমদানি করতে দেয়া হবে না’

কক্সবাজারে স্থানীয় লবণ মিল মালিকদের সাথে বার্ষিক পর্যালোচনা সভা করেছে শিল্প মন্ত্রণালয়। মঙ্গলবার জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করর্পোরেশন (লবণ শিল্প) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই পর্যালোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষি উভয়ের অধিকার সুরক্ষা করেই লবণ উৎপাদনে যাতে দেশ স্বয়ংসম্পূর্ণ হতে পারে সে লক্ষ্য নিয়েই প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে সভায় বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। ওই সময় পদস্থ সরকারি কর্মকর্তা, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষি সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বর্তমান লবণের মজুদ, দাম, লবণ মিল মালিক, প্রান্তিক চাষিদের সমস্যা ও লবণ শিল্পের সম্ভাবনার বিষয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, শিল্প লবণের নামে খাবার লবণ আমদানি করতে দেয়া হবে না। এ নিয়ে কঠোর তদারকি করা হবে। আমদানির পর খালাসের আগে লবণ পরীক্ষা করা হবে, শিল্প লবণের নামে খাবার লবণ আনা হয়েছে কিনা।

এছাড়াও কক্সবাজারে জমি পেলে লবণ সংরক্ষণাগার প্রস্তুত করা হবে বলেও মন্তব্য করেন শিল্প সচিব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন