কুমিল্লার চৌদ্দগ্রামে আসলাম মিয়া (৫০) নামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আসলাম মিয়া উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের মরহুম নুরু মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসলাম মিয়া দীর্ঘ বছর ধরে ভারত সীমান্তবর্তী সাতঘড়িয়া নিজ এলাকায় থেকে পার্শ্ববর্তী ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে মাদক পাচার করে আসছিল। এরই মধ্যে আদালত একটি মাদক মামলায় তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদান করে। সাজা এড়াতে দীর্ঘদিন সে আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে। মঙ্গলবার ভোরারাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ টিম সাতঘড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আসলাম মিয়াকে গ্রেপ্তার করে।
র্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, গ্রেপ্তার আসলাম মিয়ার বিরুদ্ধে সাজা কার্যকরের জন্য আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

