রাউজানে সমন্বয়ক রাফির ওপর হামলা, গ্রেফতার ১

চট্টগ্রাম ব্যুরো

রাউজানে সমন্বয়ক রাফির ওপর হামলা, গ্রেফতার ১

চট্টগ্রামের রাউজানে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা খান তালাত মাহমুদ রাফি ও তার সহযোগীদের ওপর হামলার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়।

আবদুল্লাহ আল হামিম (২৩) নামের ওই ছাত্রলীগ কর্মীকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। হামলা ও গ্রেফতারের বিষয়টি মঙ্গলবার জানাজানি হয়।

বিজ্ঞাপন

জানা যায়, রাউজানের উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় খান তালাত মাহমুদ রাফি ও তার সহযোগীদের ওপর হামলা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা সভাস্থল থেকে আবদুল্লাহ আল হামিমকে আটক করে রাতে পুলিশে সোপর্দ করে।

পরে এ ঘটনায় ভোর চারটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুহাম্মদ বেলাল ১৫ থেকে ২০ জনকে আসামি করে রাউজান থানায় মামলা করেন। ওই মামলায় ছাত্রলীগ কর্মী হামিমকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

হামিম রাউজানের আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে করিমের ছেলে ফারাজ করিমের সংগঠন ‘সেন্ট্রাল বয়েজ অব রাউজানের’ কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা জোর করে সভায় ঢুকতে চাইলে ছাত্ররা বাধা দেয়। পরে তারা হামলা চালিয়ে রাফিসহ নারী কর্মী এবং অন্য কয়েকজনকে আহত করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা শিক্ষার্থী সেজে হামলা চালায়। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মোট আসামি ২০ জন। আবদুল্লাহ আল হামিম নামের একজনকে গ্রেপ্তার করে মঙ্গল দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন