ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য রোধে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য রোধে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, অনিয়ন্ত্রিত ও অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য এবং সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্র-জনতা’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তব্য দেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী, আতিকুর রহমান আপেল, এ. মোনায়েম কলেজের শিক্ষক মুফিজুল ইসলাম, ছাত্র ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক ওমর ফারুক, কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল-আমিনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া শহরে অবৈধ ও অনিয়ন্ত্রিত অটোরিকশার দৌরাত্ম্যে নগরজীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। শহরের বিভিন্ন স্থানে অনুমোদনহীন অটোরিকশার স্ট্যান্ড গড়ে ওঠায় যানজট ও বিশৃঙ্খলা বাড়ছে। তাদের দাবি, প্রতিদিন লাইসেন্সধারী অটোরিকশার তুলনায় দুই থেকে তিন গুণ বেশি অবৈধ অটোরিকশা শহরে প্রবেশ করছে। ফলে যানজটের পাশাপাশি ছোট-বড় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও বাড়ছে।

বক্তারা আরো বলেন, এসব সমস্যা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। একই সঙ্গে শহরের অধিকাংশ সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এক শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনাকে তারা অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে দ্রুত নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশ থেকে লাইসেন্সবিহীন ইজিবাইক ও অটোরিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং শহরের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন