কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা এক পুরুষের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে কোনো পোশাক ছিল না। মঙ্গলবার দুপুরে কালিকাপুর ইউনিয়নের রাজারমার দিঘি থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। খবরটি ছড়িয়ে পড়লে লাশ দেখতে উৎসুক জনতা ভিড় জমান।
রাজারমার দিঘির পাহারাদার আবদুল মতিন ও হায়াতন্নবী সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ১০টায় মাছের খাদ্য দেয়ার সময় দিঘিতে একটি লাশ ভাসতে দেখা যায়। তাৎক্ষণিক বিষয়টি ইউপি সদস্যদের জানালে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক সামছুল আরেফিন বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশটির মুখমণ্ডল, কপাল ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা বলেছে, মানসিক ভারসাম্যহীন ওই লোকটিকে কয়েকদিন যাবৎ ওই এলাকায় ঘুরতে দেখা গেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে’।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘এলাকায় পাগল হিসেবে পরিচিত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে মারা গেছে, সেই রহস্য জানি না। সিআইডিকে খবর দেয়া হয়েছে-ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা হবে’।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

