কুমিল্লায় একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। এ সময় এক ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন।
রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সদর দক্ষিণ উপজেলার মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমদ কবির।
ফায়ার সার্ভিস জানায়, মহাসড়কের মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে সদর দক্ষিণ, পরে কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভানোর পরও ওই ফিলিং স্টেশনের পাইপলাইন থেকে বিকট শব্দে গ্যাস বের হতে দেখা যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে ফুয়াদ হোসেন (২৪) নামের এক ফায়ার ফাইটার আহত হন। তাকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন জানান, আহত এক ফায়ার ফাইটারকে হাসপাতালে আনা হয়েছিল এবং তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।
সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমদ কবির জানান, ধারণা করা হচ্ছে গ্যাসলাইনের লিকেজ কিংবা অন্য কোনো কারিগরি ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ফিলিং স্টেশনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

