চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন সিয়াম (১৯) ও আনিস (২৫)। তাদের মধ্যে সিয়ামের বাড়ি কুষ্টিয়া জেলায় এবং আনিসের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। দুজনই নির্মাণশ্রমিক হিসেবে ওই ভবনে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছয়জন শ্রমিক মিলে নির্মাণাধীন ছয়তলা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ শুরু করেন। কাজের একপর্যায়ে ভবনের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কাজ করার সময় হঠাৎ রেলিং ভেঙে নিচে থাকা মাচার ওপর পড়ে যান সিয়াম ও আনিস। এতে ভারসাম্য হারিয়ে মাচাটিও ভেঙে নিচে ধসে পড়ে। ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।
সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় আনিসকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী আবুল বাশার বলেন, শ্রমিকরা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ করছিলেন। হঠাৎ রেলিং ভেঙে দুইজন নিচে পড়ে যান। এরপর মাচাটিও ভেঙে যায়। ঘটনাটি খুব দ্রুত ঘটে, কেউ কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়।
এ বিষয়ে জানতে ওই ভবনের ঠিকাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার ফোন করে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনতাসির জাহিন বলেন, দুই নির্মাণশ্রমিককে হাসপাতালে আনা হলে তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

