চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। তিন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (জেলা পরিষদ শাখা) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব খোন্দকার ফরহাদ আহমদ প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ ক (১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমানকে চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের প্রতিক্রিয়ায় মাহবুবের রহমান শামীম বলেন, আমাকে দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলা পরিষদের আওতাধীন এলাকায় উন্নয়নের জন্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়েছিলেন মাহবুবের রহমান শামীম। তবে ওই আসনে জয়ী হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

