কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় প্রাইভেটকারে পাচারের সময় ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারে দায়িত্বরত র্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের শিলবনিয়া পাড়ার ফয়েজ আহাম্মদের ছেলে নজির আহাম্মদ (৪৪), বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সা এলাকার কিতাব আলীর ছেলে মো. রিয়াজুল বখতিয়ার (৪৮)।
র্যাব জানায়, শুক্রবার দুপুরে যানবাহনে করে মাদকের একটি বড় চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় চট্টগ্রামমুখী দিক থেকে আসা একটি সন্দেহজনক প্রাইভেট কার থামিয়ে চালক ও যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা পরস্পরবিরোধী তথ্য দেন। পরে গাড়িটি তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে গাড়িতে থাকা দুটি ট্রলি ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার নজির আহাম্মদ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে টেকনাফসহ দেশের বিভিন্ন থানায় মাদক-সংক্রান্ত ছয়টির বেশি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার ব্যক্তি তার সহযোগী হিসেবে মাদক পরিবহনের সঙ্গে জড়িত।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া গাঁজা, জব্দ করা প্রাইভেট কার এবং গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈদগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

