ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সিরাজুল ইসলাম মোল্লা ফাযিল মাদরাসার দাখিল পরীক্ষা ২০২৭-এর শিক্ষার্থীদের শতভাগ সফলতা অর্জন করায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাদরাসা প্রাঙ্গণে এ মতবিনিময় ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামাল হোসেন।
অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা তার বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানকে পড়ার টেবিলে রাখা, মোবাইল ব্যবহার ও চলাফেরার খবর রাখা তাদের প্রধান নৈতিক দায়িত্ব। বর্তমান প্রতিযোগিতামূলক যুগে দায়সারা শিক্ষার কোনো মূল্য নেই। শুধু ভবন বা সুযোগ-সুবিধাই যথেষ্ট নয়; দেশ ও জাতি গঠনে ডাক্তার, প্রকৌশলী বা আলেম তৈরিতে অভিভাবক ও শিক্ষকদের যৌথ আন্তরিকতা ও সঠিক জ্ঞান অর্জন জরুরি।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামাল হোসেনের মতে, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করাই সবচেয়ে বড় সম্পদ, যা সারাজীবন সুফল দেয়। কেবল ‘সন্তান যেন থাকে দুধে-ভাতে’ বললেই হবে না; সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারলেই অভিভাবকের সকল কষ্ট সার্থক হবে। কারখানা বা ব্যবসার পরিচয়ের চেয়ে আশুগঞ্জকে সন্তানের মেধা, যোগ্যতা ও বিশ্বজুড়ে সাফল্যের মাধ্যমে পরিচিত করার আহ্বান জানান তিনি।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সমাবেশে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা, ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের অভিভাবকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

