পরীক্ষার্থীকে কাঁধে তুলে কেন্দ্রে পৌঁছে দিলেন ছাত্রদল নেতা

পরীক্ষার্থীকে কাঁধে তুলে কেন্দ্রে পৌঁছে দিলেন ছাত্রদল নেতা

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীকে কাঁধে তুলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে অনন্য এক মানবিকতার নজির স্থাপন করলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ওমর ফারুক মানিক। তার এই মহতী উদ্যোগে পুরো কলেজ ক্যাম্পাসজুড়ে প্রশংসার ঝড় উঠেছে।

শনিবার (২৫ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সারাদেশের ন্যায় অনুষ্ঠিত হয়। এদিন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থী যানজট ও পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রবেশ করতে হিমশিম খাচ্ছিলেন। সময় ঘনিয়ে আসায় তিনি বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন ওমর ফারুক মানিক।

বিজ্ঞাপন

পরিস্থিতি বুঝতে পেরে তিনি দেরি না করে নিজের সহপাঠীদের সহযোগিতায় ওই পরীক্ষার্থীকে কাঁধে তুলে নিয়ে দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনসিসির সদস্য আব্দুল্লাহ আল মুহিত এবং বাংলা বিভাগের শিক্ষার্থী এমরান হোসাইন মজুমদার। তাদের এমন মানবিক দৃশ্য মুহূর্তের মধ্যে কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।

পরীক্ষা কেন্দ্রে উপস্থিত শিক্ষার্থী আরিকুল ইসলাম বলেন, “দেখলাম একজন শিক্ষার্থীকে দুজন কাঁধে করে নিয়ে যাচ্ছে। পরে জানতে পারলাম, যাকে কাঁধে করে নেওয়া হচ্ছে তিনি প্রতিবন্ধী। যারা এই কাজটি করেছেন, তারা সত্যিই প্রশংসার দাবিদার।”

এ বিষয়ে ছাত্রদল নেতা ওমর ফারুক মানিক বলেন, “রাজনীতি মানে শুধু মিছিল-মিটিং নয়, বিপদে মানুষের পাশে দাঁড়ানোও রাজনীতির অংশ। একজন ভাই যেন পরীক্ষা দিতে পারে, সেই দায়িত্ববোধ থেকেই আমরা এগিয়ে এসেছি। ভবিষ্যতেও এমন মানবিক কাজে আমরা পাশে থাকবো।”

সহায়তা পাওয়া পরীক্ষার্থী আবেগঘন কণ্ঠে তার সহযোগীদের উদ্দেশ্যে বলেন, “আমি ভেবেছিলাম হয়তো আজ পরীক্ষা দেওয়া হবে না। কিন্তু আপনারা যেভাবে আমাকে সাহায্য করেছেন, এই উপকার আমি কখনো ভুলবো না।”

সাধারণ শিক্ষার্থীরা বলছেন, বর্তমান সময়ে এমন সহমর্মিতা সমাজে ইতিবাচক বার্তা দেয়। ওমর ফারুক মানিকের এই উদ্যোগটি এখন সবার মুখে মুখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রশংসিত হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন