কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাং ও বখাটেদের তৎপরতা বন্ধে পরিচালিত বিশেষ অভিযানে ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলাজুড়ে চলমান অভিযানের পাঁচ দফায় এ পর্যন্ত মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এবং তার সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের সকল ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) এই সমন্বিত অভিযান পরিচালনা করে। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকার যেসব স্থানে কিশোর ও উঠতি বয়সের বখাটেদের আড্ডা বা উৎপাত বেশি, সেসব স্পটে একযোগে রেইড দেওয়া হয়।

অভিযানে পুলিশ সুপার ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে উপস্থিত ছিলেন। অভিযানকালে আটককৃত ৩৬৩ জনের প্রাথমিক পরিচয় এবং অপরাধে সম্পৃক্ততার বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তরুণ ও উঠতি বয়সী কিশোররা যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এই অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জোর দিয়ে বলেন, অভিযানের নামে কোনো নিরপরাধ মানুষ যেন বিন্দুমাত্র হয়রানির শিকার না হয়, সে বিষয়ে ঊর্ধ্বতন পর্যায় থেকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। জেলায় কিশোর অপরাধ নির্মূলে কুমিল্লা পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।

জেলা পুলিশ স্পষ্ট জানিয়েছে, কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব না রাখা এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন